শিক্ষক সংকটসহ নানা অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এমপিওভুক্তি বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এজন্য তারা গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষের কক্ষে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আশ্বাস দিলে দুপুরে কর্মসূচি স্থগিত করা হয়।
আন্দোলনকারীরা জানায়, কলেজে মাত্র তিনজন অস্থায়ী শিক্ষক রয়েছেন। বাকি বিষয়ে কোনো শিক্ষক নেই। এ অবস্থায় পড়ালেখা মুখ থুবড়ে পড়েছে। এজন্য আমরা এমপিওভুক্তি বাতিলের দাবি জানিয়েছি।
তাদের অন্য দাবিগুলো হলো শিক্ষক সংকট নিরসন ও অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ, টেস্ট পরীক্ষা না দিয়েও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি, অধ্যক্ষের অপসারণ, সকল বিষয়ে অধ্যক্ষকে জবাবদিহিতার আওতায় আনা এবং পড়াশোনার পরিবেশ, অবকাঠামোসহ কলেজের সার্বিক উন্নয়ন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসদ বেগম চৌধুরী বলেন, ‘এটি বিশেষায়িত কলেজ। এমন দুরবস্থায় চলার চেয়ে শিক্ষার্থীদের সঙ্গে আমরাও এমপিওভুক্তি বাতিল চাই।’ তিনি আরও বলেন, ‘টেস্ট পরীক্ষা ছাড়া এইচএসসিতে অংশগ্রহণের সুযোগ নেই। বাকি দাবিগুলো পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে।’