চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর ভর্তি পরীক্ষার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ৭০০ সদস্য মোতায়েন থাকবে। এবং পরীক্ষা চলাকালীন প্রক্সি বন্ধে আইসিটি সেলের অ্যান্টি প্রক্সি টিমও কাজ করবে।
বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরিন আখতার।
তিনি বলেন, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি। আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি। ভর্তি পরীক্ষা উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গªহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, বিএনসিসি, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন। পরীক্ষা সফল করতে বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ পাঁচটি ইনস্টিটিউটের ৪ হাজার ১৮৯টি সাধারণ ও ৭৩৭টি কোটা আসনের জন্য চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদভিত্তিক ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর, সমাজবিজ্ঞান অনুষদভিত্তিক ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর, বিজ্ঞান অনুষদভিত্তিক ‘এ’ ইউনিটের পরীক্ষা ২৯ অক্টোবর এবং ব্যবসায় প্রশাসন অনুষদভিত্তিক ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ অক্টোবর। এ ছাড়া উপ-ইউনিট ‘বি-১’ এবং ‘ডি-১’ ৩১ আক্টোবর অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.cu.ac.bd) থেকে জানা যাবে।