মাসিক কর্মদক্ষতা ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ঢাকা রেঞ্জের ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রেঞ্জ অফিসে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তাদের হাতে পুরস্কার তুলে দেন।
ডিআইজি হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, ‘নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পুলিশকে আরও জনমুখী করতে কর্মকর্তাদের সক্রিয় হতে হবে।’ গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সব পুলিশ সদস্যের প্রতি আহŸান জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।