ক্যালিফোর্নিয়ায় দাবানল

কয়েক ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার একর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বাতাসের তীব্রতার কারণে দাবানলটি পুরো উত্তরাঞ্চলে দ্রুত বিস্তার লাভ করছে। গত বৃহস্পতিবার দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সান্তা ক্লারিতার প্রায় তিন হাজার একরেরও বেশি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। অথচ বৃহস্পতিবারের আগেও মাত্র ৫ শতাংশ এলাকায় এই আগুন ছড়িয়েছিল বলে জানিয়েছে সিএনএন।

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে সিএনএন জানায়, পরিস্থিতি সামাল দিতে লস অ্যাঞ্জেলেসের প্রায় ৫০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দমকল বাহিনীর প্রায় ৫০০ কর্মী এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টার নিয়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

খবরে বলা হয়েছে, দাবানলের আগুনে সেখানকার ঘরবাড়ি ও অবকাঠামো পুড়ে গেছে। এ ঘটনায় একটি মহাসড়ক ও অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দাবানলের সূত্রপাত এখনো অজানা বলে জানিয়েছে দেশটির আবহাওয়াবিদরা। তারা সিএনএনকে জানিয়েছে, শুক্রবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৭০ মাইল গতিবেগে বাতাস বইতে পারে।