হাতীবান্ধায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তদন্ত শুরু

হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত বৃহস্পতিবার স্কুলের অফিস কক্ষে প্রাথমিক তদন্ত অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের উপস্থিতিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম তাজিবর রহমান তদন্তকাজ পরিচালনা করেন।

এর আগে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মজিদ প্রধান শিক্ষক মফিদুলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ স্বাক্ষর জাল করার অভিযোগ এনে উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগকারী স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিদ বলেন, ‘আমি অভিযোগের প্রমাণাদি উপস্থাপন করেছি।’ প্রধান শিক্ষক মফিদুল বলেন, ‘বিষয়টি তেমন নয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে আমার ভুল-বোঝাবুঝি মাত্র।’

শিক্ষা কর্মকর্তা তাজিবর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ গত ১৯ অক্টোবর দেশ রূপান্তরে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।