ধানমন্ডিতে ১২তলা আবাসিক ভবনে আগুনে বৃদ্ধার মৃত্যু

রাজধানী ঢাকার ধানমন্ডিতে একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুনের ধোঁয়ায় এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে এক গৃহকর্মী (১২)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডি-৬ এর ওই আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।

প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

পরে সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।