প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অনেকে ভিটেমাটি বিক্রি করে বিদেশে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাই বিদেশ যাওয়ার আগে কাজ ও মজুরির নিশ্চয়তাসহ অন্যান্য বিষয় নিশ্চিত হয়ে বৈধ উপায়ে যেতে হবে। যাতে সেখানে গিয়ে প্রতারিত না হন।
প্রবাসী কল্যাণমন্ত্রী শনিবার সিলেটে কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশ গমনেচ্ছুদের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সুযোগ-সুবিধা দিচ্ছে। এই সুবিধাগুলো কাজে লাগাতে হবে। দালালচক্রের খপ্পরে পড়বেন না। এদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করুন।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলা থেকে ১ হাজার করে লোক বিদেশে পাঠানোর লক্ষ্যে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, দেশের যুব সমাজকে ধ্বংস করছে মাদক। এছাড়া দুর্নীতিও আরেকটি ব্যাধি। তাই মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের রুখতে পুলিশ-জনতা মিলে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সবাই মিলে দেশকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে হবে।
সিলেট জেলা পুলিশ লাইনে বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনি পুরকায়স্থের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা কমিউনিটি পুলিশিং এর সমন্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন প্রমুখ।