মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কুণ্ডু বাড়িতে রবিবার শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা। প্রতিবছর কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আয়োজন করা হয় এ মেলার। মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রায় আড়াইশ বছর ধরে মেলাটি ‘কুণ্ডু বাড়ির মেলা’ নামে পরিচিত। মাদারীপুরসহ বৃহত্তর ফরিদপুর, বরিশাল জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ এ মেলায় আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুরের কুণ্ডু বাড়িতে ১৭৮৩ সালের নভেম্বরে দীননাথ কুণ্ডু ও মহেশ কুণ্ডু এই মেলার প্রবর্তন করেন। বর্তমানে প্রায় দুই কিলোমিটার এলাকায় মেলা বসে। দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা এসে মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজান। কাঠের বিভিন্ন আসবাবের জন্য এই মেলা বিখ্যাত।
পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাসু দেব কুণ্ডু বলেন, দীপাবলি ও কালীপূজা উপলক্ষে আমাদের পূর্ব পুরুষরা মাত্র চার একর জমির ওপর এই মেলার আয়োজন করেন। পরে ধীরে ধীরে আশপাশের এলাকায় মেলা বিস্তারিত হয়।