অভিনেতাদের পর্দায় যতই চাকচিক্যময় দেখা যাক না কেন, তাদের বাস্তব জীবন ততটা সুখকর নয়। আর ক্যারিয়ারের শুরুর দিকে নানা ঝুট ঝামেলার ভেতর দিয়েই যেতে হয় তাদের। বলিউড বাদশা শাহরুখ খানকেও নানা কাঠখড় পুড়িয়েই আজকের অবস্থানে আসতে হয়েছিল। এমনকি জেলখানাতেও রাত কাটাতে হয়েছিল শাহরুখকে। জেলখাটার কথা নিজমুখেই স্বীকার করেছেন শাহরুখ খান।
সম্প্রতি, ডেভিড লেটারম্যানের সঞ্চালনায় নেটফ্লিক্সে 'মাই নেক্সড গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন' এসে এমনই কঠিন সত্যি স্বীকার করে নিয়েছেন বলিউড বাদশা।
শাহরুখ বলেন, ‘সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। এত টিভি চ্যানেল, অনলাইন মাধ্যমও ছিল না। ছিল বলতে খবরের কাগজ আর ম্যাগাজিন। আর যেহেতু সেসময় আমি একেবারেই বলিউডে নতুন ছিলাম, তাই আমার সম্পর্কে প্রকাশিত যেকোনো ভুলভাল খবরে আমি ভীষণই রেগে যেতাম। এমনই একটি খবরে আমি ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলাম। ওই ম্যাগাজিনের সম্পাদককে ফোন করে প্রশ্ন করে বসেছিলাম, এই প্রতিবেদনটা কি আপনি লিখেছেন? উনি আমাকে বোঝানোর চেষ্টা করেন এটা নেহাতই মজা, এতে রাগার কিছুই নেই। আমি পাল্টা প্রশ্ন করি, এটাকে আপনার মজার বিষয় মনে হচ্ছে? এরপরই আমি ওনার অফিসে যাই, আর ওনার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি। এরপর আমি একদিন শ্যুটিং করছিলাম, পুলিশ এসে খুব নমনীয়ভাবেই আমায় বলে, আপনাকে বেশ কিছু প্রশ্ন করার আছে। আর এরপরেই যখন আমায় জেলে ঢোকানো হলো, তখন আমি বুঝতে পারলাম, জায়গাটা কী অসম্ভব অপরিষ্কার। দেখি একটা ছোট্ট কয়েদখানার মধ্যেই অসংখ্য লোকজন থাকে। খুব খারাপ একটা পরিবেশ। পরে অবশ্য আমি পুলিশকে অনুরোধ করি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, বলি এমনটা আর কখনো হবে না। তারা আমাকে ছেড়েও দেন।’