আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ইতিহাস আছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, কিন্তু অপসংস্কৃতির আগ্রাসনে সুস্থ সংস্কৃতি এখন বিপর্যয়ের মুখে পড়েছে।
শনিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের অঙ্গসংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে জি এম কাদের বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তাই সকল ক্ষেত্রেই জাতীয় পার্টিকে কাজ করতে হবে। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে জাতীয় সাংস্কৃতিক পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি এখন দেশের রাজনীতির মাঠে সক্রিয় আছে। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে। সাধারণ মানুষ প্রত্যাশা পূরণে জাতীয় পার্টির ওপরেই ভরসা রাখছে। আগামী দিনের রাজনীতিতে প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব ব্যালটের মাধ্যমে নির্বাচিত করা হবে।
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান প্রমুখ উপস্থিত ছিলেন।