সৌরভের সব কাজে সমর্থন থাকবে : আজহারউদ্দিন

আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার সংবর্ধনা ছিল সৌরভ গাঙ্গুলির। অনুষ্ঠান আর কোথাও নয় কলকাতার ক্রিকেট তীর্থ ইডেন গার্ডেনসেই হয়েছে। তাতে কর্মকর্তারা তো ছিলেনইÑ উপলক্ষ আলোকিত করেছেন সৌরভের বন্ধুতুল্য সাবেক ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন সৌরভের প্রথম অধিনায়ক এবং মাত্র কদিন আগে নির্বাচিত হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন। অনুষ্ঠানের এক ফাঁকে মুখোমুখি হয়েছেন কলকাতার পত্রিকা সংবাদ প্রতিদিনের। সেই সাক্ষাৎকারের কিছু অংশ তুলে দেওয়া হলো দেশ রূপান্তর পাঠকদের জন্য

অনেকদিন পর ইডেনে এলেন, সৌরভ গাঙ্গুলির সংবর্ধনা অনুষ্ঠানে। কেমন লাগছে?

আজহার : ইডেনে আসতে পেরে ভালোই লাগছে। যখনই ইডেনে আসি একটু বাড়তি এনার্জি পাই। এখানে আমার ক্যারিয়ারের শুরু হয়েছিল। এ মাঠের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে যা কথায় প্রকাশ করা অসম্ভব। এখানকার মানুষ আমাকে ভালোবাসে আশা করব ভবিষ্যতেও ভালোবাসবে।

সৌরভের সংবর্ধনা কি নস্টালজিয়া আরও বাড়িয়ে দিচ্ছে?

আজহার : অবশ্যই। সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় আমি অত্যন্ত খুশি। কলকাতা থেকে অনেকেই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। ডালমিয়াজি ছিলেন, এখন সৌরভ। আমি বলব, সৌরভ এটার যোগ্য। আমরা সবসময় ওকে সমর্থন করব। আশা করি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দারুণ কাজ করবে সে। আমি এই অনুষ্ঠানে এসেছি তা ভেবেই ভালো লাগছে।

প্রেসিডেন্ট সৌরভের কাছে কী কী আশা করছেন?

আজহার : সৌরভ যেভাবে ক্রিকেট খেলেছে, আমি নিশ্চিত ও ঠিক একইভাবে বোর্ডও চালাবে। ক্রিকেট ক্যারিয়ারের মতো এখানেও কোনো রকম সংশয়হীন সিদ্ধান্ত নেবে। সৌরভের মধ্যে এমনিতেই নেতৃত্ব ভাবটা আছে। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, বেঙ্গল ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছে এবার ভারতীয় বোর্ড অবশ্যই অভিজ্ঞতা থেকেই সে ভালো করবে। তবে এটা ভাবা ঠিক নয় যে কালই সব বদলে দেবে। বদল আসবে কিন্তু এর জন্য সৌরভকে সময়ও দিতে হবে।

আপনার অধিনায়কত্বেই সৌরভের অভিষেক হয়েছিল। কখনো কি ভেবেছিলেন সৌরভ দেশের সেরা অধিনায়ক হওয়ার পর বোর্ড প্রেসিডেন্ট হবেন?

আজহার : না ভাবিনি। আমি নিশ্চিত ওই সময়ে কেউই ভাবতে পারেনি। আমরা চাইছিলাম সৌরভ টেস্টে ভালো করুক। সে এমনিতেই তখন ওয়ানডেতে ভালো করেছিল। তাই সবাই চাইছিলাম টেস্টেও ওয়ানডের পারফরম করুক। তাই শুধু আমি কেন কেউ কি ভেবেছিলাম সে বোর্ড প্রেসিডেন্ট হবে? তবে যাই হোক সে যা হয়েছে, সেটার ও যোগ্য।

শোনা যায়, সৌরভকে ছিয়ানব্বইয়ের সিরিজে নিজের দামি গাড়ি উপহার দিয়েছিলেন। এবার প্রেসিডেন্ট সৌরভকে কী উপহার দেবেন?

আজহার : আমার মনে নেই গাড়ি দিয়েছিলাম কি না। তবে ওকে যদি এখন কিছু দিতে চাই তবে তা স্পেশাল-ই হবে। কিন্তু ওটা সিক্রেট থাক।

আপনি যদি সৌরভের জায়গায় থাকতেন তবে বোর্ড কীভাবে চালাতেন?

আজহার : আমি তো আর বোর্ড প্রেসিডেন্ট নই তাই বলতে চাই না। তবে সৌরভ যেসব নিয়ে কাজ করতে চায় তাতে আমি একমত।

বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ কি ডালমিয়ার মতো হতে পারবেন?

আজহার : ডালমিয়াজির সঙ্গে তুলনা করা উচিত হবে না। সৌরভ নিজেও তাকে কাছ থেকে দেখেছে। ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন তিনি। তাই সৌরভ তার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে অবশ্যই এগিয়ে যাক এটাই চাই।

শেষ কয়েক মাসে সৌরভসহ আপনি দেশের ক্রিকেটের প্রশাসনে এসেছেন। ক্রিকেটাররা যখন প্রশাসনে আসেন তখন ক্রিকেটে কি পরিবর্তন আনতে পারেন?

আজহার : দুটো অবশ্যই আলাদা কাজ বা চিন্তা। ক্রিকেটার হিসেবে শুধুই পারফরম্যান্সের চিন্তা থাকত। ভালো না করলে বাদ এমন একটা টেনশন কাজ করত। তখন প্রশাসন নিয়ে ভাবতে হতো না। এখন কাজ ভিন্ন এখন পারফরম্যান্স নিয়ে ভাবনা নেই বরং প্রশাসন নিয়ে ভাবনা বেশি। ক্রিকেটারদের ভালো-মন্দ দেখতে হবে। এটা ভিন্ন কাজ। এখন আমার কাজ হলো হায়দরাবাদ ক্রিকেটের পুরনো সুনাম ফিরিয়ে আনা।

শেষ প্রশ্ন, আপনি লর্ডসে সৌরভকে সেঞ্চুরি করতে দেখেছেন। কী মনে হচ্ছে, এবার প্রেসিডেন্ট সৌরভ ক্রিকেট প্রশাসনেও সেঞ্চুরি করতে পারবেন?

আজহার : আমি নিশ্চিত প্রেসিডেন্ট সৌরভ লর্ডসের মতো অনেক সেঞ্চুরি করবেন। অনেক সেঞ্চুরি আসছে ওর। সবাই তৈরি থাকুন।