বার্সেলোনায় নেইমারকে খুব করে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পিএসজি থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে আনতে পারেনি বার্সা। ১৫ নভেম্বর দুই সাবেক সতীর্থের মধ্যে দেখা হওয়ার একটা সুবর্ণ সুযোগ হয়েছিল। কারণ সৌদি আরবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে দুই লাতিন পরাশক্তি। কিন্তু তাও হচ্ছে না। কারণ ম্যাচটিতে থাকছেন না নেইমার। অবশ্য মেসিও যে এই প্রীতি ম্যাচের একাদশে থাকবেন সেটাও নিশ্চিত নয়।
নেইমারের না থাকার কারণ ইনজুরি। কদিন আগে জাতীয় দলের হয়ে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের সময় ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা। বাম হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়ায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে পিএসজি তারকা। তাই ১৫ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে এবং চারদিন পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে নেইমারকে দলে রাখতে পারেননি কোচ তিতে। আর্জেন্টিনার বিপক্ষে গত বছর অক্টোবরে সুপার ক্লাসিকোতে ছিলেন নেইমার। সর্বশেষ জুলাইতে কোপা আমেরিকাতেও অনুপস্থিত ছিলেন ইনজুরির কারণে।