সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ২৯ ডিসেম্বর রাতে : মান্না

২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক
মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘সরকার আজ দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে। প্রশাসনের পাহারায় নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগ ভোট চুরি করেছে।’

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামে একটি সংগঠন। মান্না বলেন, ‘চোর, দুর্নীতিবাজ তো আপনারাই। জুয়া তো আপনারাই খেলেন। মানুষ বুঝেছে কারা ভোট চুরি করে, ক্যাসিনো ব্যবসা চালায়। এমন সরকার আমরা আর চাই না। বাংলাদেশের মানুষের মধ্যে এখন বিদ্রোহের আগুন জ্বলছে।’

বর্তমান সরকারকে ‘জালেম’ আখ্যা দিয়ে মান্না বলেন, ‘সরকার জনগণের টুঁটি চেপে ধরেছে। কাউকে কথা বলতে দিচ্ছে না। এমন পাপিষ্ঠ সরকার ক্ষমতায় থাকলে কখনো ন্যায়বিচার পাওয়া সম্ভব না।’

সরকারকে পদত্যাগ করে দ্রæত নতুন নির্বাচন দেওয়ার জন্য বলেন মান্না। তবে তার আগে খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি দাবি করেন তিনি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ক্যাসিনো সংশ্লিষ্টতার তদন্ত কেন হচ্ছে না, প্রশ্ন রাখেন মান্না। তিনি বলেন, ‘সরকারের এক মন্ত্রী বলেছেন তার বিরুদ্ধে তদন্ত হবে। কিন্তু তা তো হচ্ছে না। তিনি যদি সত্যিই ক্যাসিনো থেকে টাকা নিয়ে থাকেন, তাহলে তদন্ত হচ্ছে না কেন? তাকে কি খাতির করছেন?’