মেননের বক্তব্যের পর সংসদের বৈধতা নেই : মওদুদ

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের পর সংসদ ভেঙে নির্বাচন করা সরকারের উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, তার (মেনন) বক্তব্যের পর বর্তমান সংসদের আর বৈধতা নেই।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপি সমর্থক আইনজীবী সমাবেশে তিনি এ কথা বলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট করে ঢাকা-৮ আসনের সাংসদ নির্বাচিত হন রাশেদ খান মেনন। গত ১৯ অক্টোবর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তী সময়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

গতকালের সমাবেশে মওদুদ বলেন, ‘মেনন একটা সত্য কথা বলেছেন। দেরিতে হলেও বলেছেন। অনেক দেরি করে, আরাম আয়েশে থেকে তারপর তিনি সত্য কথা বলেছেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ, তিনি যা বলেছেন, সেটা বিএনপি বার বার বলে আসছে।’