লালবাগে ভবনে রং করার সময় মই থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর লালবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ভবন রং করার সময় নিচে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত আবুল কালামের (৬৫) বাড়ি মাদারিপুর রাজৈর উপজেলায়। তিনি রাজধানীর মিরেরটেকে থাকতেন।

লালবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান মো. সাব্বির জানান, আবুল কালাম তাদের ফায়ার স্টেশনের দ্বিতীয় তলা ভবনের বাইরের পাশের দেয়ালে রং করছিলেন।

আজ সকালে ঝুলন্ত মই বেঁধে ওই মইয়ে বসে রং করছিলেন। হঠাৎ মই থেকে নিচে পড়ে যান তিনি। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।