সংগঠনের সদস্য না হলে কেউ টিভি নাটক নির্মাণ করতে পারবে না

দীর্ঘদিন ধরেই টিভি নাটকে চলছে হযবরল অবস্থা। অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজকদের মধ্যে নানা সমস্যা হর হামেশাই ঘটছে। সেসব সমস্যা সমাধানের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে টিভি নাটকের সঙ্গে সংশ্লিষ্ট চার সংগঠন। টেলিপ্যাব, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন নাট্যকার সংঘ সম্মিলিতভাবে চারটি নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে নোটিশ দিয়েছে। এই নীতিমালা না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে চার সংগঠন।

নতুন নীতিমালাগুলো হচ্ছে-

১. আগামী ১ নভেম্বর ২০১৯ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলমান নাটক অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। চুক্তিপত্র নিকেতনস্থ সংগঠনের কার্যালয় থেকে সরবরাহ করতে হবে।

২. সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ছাড়া কেউ নাটক অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যুক্ত হতে চাইলে তাকে অবশ্যই প্রাথমিক সদস্যপদ গ্রহণ করতে হবে।

৩. সংশ্লিষ্ট সংগঠনের সদস্য নয় এমন কারও সঙ্গে আন্তঃসংগঠনের সদস্য শিল্পী কলাকুশলী প্রযোজক-পরিচালক নাট্যকার উক্ত কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

৪. চূড়ান্ত কর্মঘণ্টা হবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অর্থাৎ শিল্পী-কলাকুশলীদের সময়ের সঙ্গে সমন্বয় করে সেটে উপস্থিত নিশ্চিত করবেন। তবে চিত্রগ্রহণের কাজ শুরু হবে সকাল দশটায় শেষ হবে নির্ধারিত রাত দশটায়।

এর ব্যত্যয় ঘটলে শৃঙ্খলা ভঙ্গের জন্য আন্তঃসাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে ওই নোটিশে।

অভিনেতা রওনক হাসান এই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে লিখেন, ‘শুধুমাত্র নাটক (টেলিভিশন ও ডিজিটাল মাধ্যম) সংশ্লিষ্ট সকলের জন্য। আসুন সবাই একটা নিয়মের ভেতরে আসি। আমাদের সকলের নাট্যকার, অভিনেতা, পরিচালক প্রযোজক থেকে শুরু করে সকল কলাকুশলীদের নিজ স্বার্থেই নিয়মের ভেতরে আসাটা ভীষণ জরুরি।’