আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর ঘটনাকে গুরুত্বপূর্ণ মনে করছে না ইরান।
রয়টার্স জানায়, রোববার ইরানের তথ্যমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ আজারি-জাহরমি বলেন, ‘আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু বড় কোনো ঘটনা নয়। এটি তেমন কিছু না।’
যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মূলত আপনারা নিজেদের লোককেই হত্যা করেছেন।’
সিরিয়ার ইদলিবে মার্কিন সেনাদের বিশেষ অভিযানে বাগদাদির মৃত্যু হয় বলে এ দিন নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বদ্ধ সুড়ঙ্গের মধ্যে আত্মঘাতী হয়ে তিন সন্তানসহ নিজেকে উড়িয়ে দেন আইএস নেতা।
কুখ্যাত এই জঙ্গিনেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই অভিযানে অংশগ্রহণ করা মার্কিন সেনাদের অভিনন্দন জানিয়েছে।
তুরস্কও এই হামলাকে স্বাগত জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের এক উপদেষ্টা জানান, ‘সন্ত্রাসবাদ দমনে ন্যাটো বাহিনীতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে আমরা গর্বিত। আইএসের হাতের নির্মমভাবে নিহত সাধারণ মানুষ এবং আমাদের সামরিক সদস্যদের স্মরণ করছি।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে, অসামান্য এই সাফল্যের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
তবে রাশিয়া বাগদাদির মৃত্যুর ব্যাপারে সংশয় প্রকাশ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বাগদাদির মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে নেই। এর আগেও অন্তত পাঁচবার বাগদাদির মৃত্যুর খবর জানা গিয়েছিল।