প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে সম্পাদিত দ্বি-পাক্ষিক চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের।
তিনি বলেন, ‘এই বিষয়ে যৌথ বিবৃতি ও উল্লেখিত চুক্তি সমূহের তালিকা আমি দেখেছি। সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি। মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেমের প্রতি আমরা আস্থাশীল।’
রবিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের সাংগঠনিক টিমের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে সাহসী পদক্ষেপ উল্লেখ করে এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) নিজ দলের মানুষকেও ছাড় দেন নাই। আমরা আশা করি এই অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগ এ বিষয়ে তাদের নির্বাচনী ইশতেহারে বর্ণিত অঙ্গীকার বাস্তবায়ন করবে।’
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেই প্রত্যাশা করেন জি এম কাদের। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার যেন সঠিকভাবে সম্পন্ন হয় ও দোষী ব্যক্তিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় আমরা সেটাই চাই।’
এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, মুজিবুল হক চুন্নু, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, ফখরুল ইমাম, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।