বগুড়ার আদমদীঘির একটি কবরস্থান থেকে পরিত্যক্ত ছয়টি স্থলমাইন ও তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামপুরা গ্রাম থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। বিস্ফোরকগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কবরস্থানটির পাশে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এ সময় তারা মাটির ওপরে ভেসে ওঠা কয়েকটি বিস্ফোরকের অংশ দেখতে পায়। পরে তারা গ্রামবাসীকে ডেকে আনে। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গত দুদিনের বৃষ্টিতে কবরস্থানের মাটি সরে যাওয়ায় এগুলো ভেসে ওঠে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের ধারণা, বিস্ফোরকগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। স্থানটি নির্জন হওয়ায় ও মাটির নিচে চাপা পড়ে থাকায় এত দিন কারও নজরে আসেনি।’