ম্যাচের প্রথম মিনিটেই হ্যারি কেইনের করা গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল আদায় করে নিজেদের মাঠে জয় তুলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
রবিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে টটেনহ্যামকে ২-১ গোলে হারায় লিভারপুল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষ থাকল দলটি।
স্বাগতিকদের স্তব্ধ করে প্রথম মিনিটেই টটেনহ্যামকে এগিয়ে দেন কেইন। লিভারপুল আক্রমণের পর আক্রমণ করেও ম্যাচে ফিরতে পারছিল না। অবশেষে ৫২ মিনিটে ম্যাচে সমতা ফেরান জর্ডান হেন্ডারসন।
২০১৫ সালের ডিসেম্বরের পর অ্যানফিল্ডে গোল পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে লিড এনে দেন মোহামেদ সালাহ।
এদিনের হারে টেবিলের সেরা দশ থেকে ছিটকে পড়েছে টটেনহ্যাম। ১০ ম্যাচে মাত্র ৩ জয় দলটির। সঙ্গে ৩টিতে ড্র ও ৪ হারে ১২ পয়েন্ট নিয়ে এগারোতম স্থানে স্পাররা। ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৮। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি।
এদিন দিনের অন্য ম্যাচে নরউইচ সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।