আগামী বছর ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’র আওতায় বাংলাদেশের সব হজযাত্রীর ইমিগ্রেশন করা হবে আশকোনা হজ ক্যাম্পে।
রবিবার সকালে হজ ক্যাম্প সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম সংক্রান্ত সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ফলে ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ক্রমাগত বেড়েছে। ওই বছর যেখানে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন সেখানে ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন।
তিনি বলেন, এ বছর রাজকীয় সৌদি সরকারের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ কর্মসূচির অধীনে প্রায় অর্ধেক হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন হয়েছে। তবে ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে। সবার ইমিগ্রেশন হজ ক্যাম্পে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।