সংবাদ সম্মেলনে মালিক সমিতি

সড়ক পরিবহনে বিশৃঙ্খলায় একটি চক্র মাঠে নেমেছে

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহসহ অন্যান্য নেতার বিরুদ্ধে ‘মিথ্যা, আজগুবি, ভিত্তিহীন’ তথ্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল রবিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ইউনিক হাইটস ভবনে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা (এমপি)। মসিউর রহমান বলেন, বাংলাদেশ সড়ক পরিবহনব্যবস্থা আগের চেয়ে অনেক গতিশীল ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে চলছে। একটি চক্র সড়ক পরিবহনে বিশৃঙ্খলা ও পরিবহন খাতের নেতাদের সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মাঠে নেমেছে। নামসর্বস্ব এই সংগঠনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকের কোনো সম্পৃক্ততা নেই। চাঁদাবাজি করার জন্য তারা এসব সংগঠন তৈরি করেছে।