শুল্ক ফাঁকির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুন অর রশীদ। একই সঙ্গে জামিন আবেদনও করেছেন তিনি।
সোমবার দুপুরে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এমপি হারুন তার দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। পাশাপাশি জামিনও চেয়েছেন।
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকির দুদকের মামলায় গত ২১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি হারুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম।
একই সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার অন্য দুই আসামির মধ্যে এনায়েতুর রহমান বাপ্পীকে (চ্যানেল ৯-এর এমডি) দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডর আদেশ দেওয়া হয়েছে। তারা পলাতক রয়েছেন।