খালেদা জিয়ার সুস্থতা নিয়ে ‘শঙ্কার কিছু’ দেখছে না মেডিকেল বোর্ড

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা নিয়ে দলটির নেতাদের মতো ‘শঙ্কার কিছু’ দেখছে না তার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গঠিত মেডিকেল বোর্ড।

মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জিলন মিয়া সরকার সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সুস্থতা নিয়ে দলটি নেতারা যে আশঙ্কার কথা বলছেন, মেডিকেল বোর্ড ওই ধরনের আশঙ্কার কিছু দেখছে না।

এর আগে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার জীবনহানির হুমকি দেখা দিয়েছে এখন। সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে।’

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএসএমএমইউ পরিচালক ব্রি. জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, বিএনপি নেতারা দলের চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে যে আশঙ্কা বা অসন্তোষের কথা বলছেন, তা সঠিক নয়। উনার যথাযথ চিকিৎসা হচ্ছে। প্রতিদিনই চিকিৎসকরা উনাকে দেখতে যাচ্ছেন।

তবে তিনি বলেন, সব সময় বিএনপি চেয়ারপারসন প্রস্তুত থাকেন না। কোনো কোনো দিন বিকেল ৪টা পর্যন্ত বসে থেকেও উনার সঙ্গে চিকিৎসকরা দেখা করতে পারেন না।

নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত কিছু রোগ প্রতিরোধের জন্য খালেদা জিয়াকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে ডা. মাহবুবুল হক বলেন, কিন্তু ভ্যাকসিন নিতে তিনি এখনো সম্মতি দেননি। উনাকে রাজি করানোর চেষ্টা চলছে।