চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ সেশনের অনার্স প্রথম বর্ষের কলা ও মানবিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার মাত্র ৩৬.৯৪ শতাংশ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার অনুষ্ঠানিক ভাবে এ ফলাফল প্রকাশ করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.cu.ac.bd) থেকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিষ্ট্রার এস এম আকবার হোছাইন বলেন, ‘বি’ ইউনিটের পরীক্ষার ফলাফল ভিসি ম্যাম অনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। বি ইউনিটের পরীক্ষায় মোট ৩৬ হাজার ৪৬৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তার মধ্যে ১৩ হাজার ৪৭৩ জন পাশ করেছেন।
এর আগে পাঁচ দিন ব্যাপী ভর্তি পরীক্ষায় প্রথমদিনে রবিবার দুটি শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৪২ হাজার ৪টি। উল্লেখ্য এছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ও দুটি উপ ইউনিটে মোট এক লাখ ৬৬ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।