টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে জুড়ে গেল একটি নতুন নাম। অর্থাৎ আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে চলা ছোট ফরম্যাটের ক্রিকেটে এক নতুন দলকে দেখতে পাবে বিশ্ব। যার নাম পাপুয়া নিউগিনি (পিএনজি)। সেই সঙ্গে আয়ারল্যান্ডও যোগ্যতা অর্জন করেছে চ‚ড়ান্ত পর্বে।
গত রবিবার দুবাইয়ে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কেনিয়াকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে পিএনজি। কেনিয়াকে ৪৫ রানে হারালেও নেদারল্যান্ডস-স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল তাদের। ডাচরা স্কটদের হারিয়ে দেয় ঠিকই, কিন্তু কোয়ালিফাই করার জন্য তাদের প্রয়োজন ছিল ১২.৩ ওভারে ১৩১ রান। সেই লক্ষ্য পূরণ করতে না পারায় নেট রানরেটে এগিয়ে যায় পাপুয়া নিউগিনি। উচ্ছ্বসিত পিএনজির অজি কোচ জো ডয়েস বলছেন, ‘ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই স্মরণীয় দিনটি দেখতে দুই বছর অপেক্ষা করতে হয়েছে।’ ওদিকে ‘বি’ গ্রুপ সেরা হয়ে চ‚ড়ান্ত পর্বে উঠে গেছে টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড। শনিবারই তলানির দল নাইজেরিয়াকে হারিয়ে ৬ খেলায় ৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ছিল তারা। রবিবার আয়োজক আমিরাত এবং ওমান জিতে সমান পয়েন্ট পেলেও নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষস্থান অধিকারে রাখতে পারে তারা।