তেরেঙ্গানুকে রুখতে পারবে মোহনবাগান?

গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করা দলটির নাম তেরেঙ্গানু এফসি। মালয়েশিয়ার দলটি ৩ ম্যাচে করেছে ৯ গোল। আর হজম করেছে ৪টি। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে এসেছে তারা। এমন দলের বিপক্ষে আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামবে কলকাতার জায়ান্ট মোহনবাগান। শেষ চারে ওঠা দলগুলোর মধ্যে তারাই করেছে সবচেয়ে কম গোল, ৩ ম্যাচে ২টি। দু’দলের গোলের হিসেবে তেরেঙ্গানু এগিয়ে থাকবে বেশ। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই হাসবে শেষ হাসি। এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচ শেষে জানা যাবে বৃহস্পতিবারের ফাইনালের মঞ্চে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ হবে কারা।

চেন্নাই সিটি এফসিকে ৫-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তেরেঙ্গানু। দলের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেছিলেন ব্রাজিল বংশোদ্ভূত জাপানিজ স্ট্রাইকার ব্রম্ননো সুজুকি। দ্বিতীয় ম্যাচে দলটি গোলশূন্য ড্র করে ভারতের গোকুলাম কেরালা এফসির সঙ্গে। আর তৃতীয় ম্যাচে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৪-২ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ চারে আসে দলটি। এই ম্যাচে হ্যাটট্রিক করে নিজের জাত আরেকবার চিনিয়েছেন দলের ইংলিশ অধিনায়ক লি টাক। সুবাদে মোহনবাগানের রক্ষণের জন্য ব্রম্ননো সুজুকি এবং লি টাক বড় হুমকি হয়ে দেখা দিতেই পারেন আজ। যদিও বাগানকেও খাটো করে দেখার উপায় নেই। প্রথম গ্রুপ ম্যাচে লাওসের ইয়ং এলিফ্যান্টের কাছে হেরে শুরু করা কলকাতার দলটি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। শেষ দু’ম্যাচে তারা হারিয়েছে টিসি স্পোর্টস ক্লাব এবং স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে। গোল গড়ের হিসাবে ইয়ং এলিফ্যান্টকে পেছনে ফেলে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয় তারা।