জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও শক্তিশালী বিরোধী দল গঠনের লক্ষ্যেই জাতীয় পার্টি সরকারে যায়নি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
সোমবার রাজধানীর গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করে তাদের ভুলত্রুটি ধরিয়ে দিচ্ছি। সরকারের ত্রুটিবিচ্যুতি ধরিয়ে দেওয়া মানেই জনগণের উপকার করা। বিরোধিতা মানেই সরকারের সব কর্মকাণ্ডে বিরোধিতা, অশালীন বক্তৃতা এবং জনগণের জন্য কষ্টদায়ক কর্মসূচি দেওয়া নয়।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টি হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের দল। দেশের তিনটি প্রধান বড় দলের মধ্যে জাতীয় পার্টি একটি। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে।’
এ সময় তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদকে সকল প্রেরণার উৎস বলে মন্তব্য করেন। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ।