যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশা চালক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাতনামা ওই রিকশা চালকের বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে ছিলো লুঙ্গি ও শার্ট।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রুবেল মিয়া জানান, ভোরে খবর পেয়ে তিনি দয়াগঞ্জ মোড় থেকে রিকশা চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর ৫টায় মৃত ঘোষণা করেন।

এএসআই জানান, ঘটনাস্থল থেকে চালকসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। রিকশা চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা পাঠানো হয়েছে।