বার্সেলোনা তারকা লিওনেল মেসির সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতাটাকে ‘সুস্থ প্রতিযোগিতা’ হিসেবে দেখছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে উভয়ের লাভ দেখছেন জুভেন্টাস তারকা।
রোনালদো রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় স্পেনের শীর্ষ লিগ লা লিগায় তার সঙ্গে মেসির প্রতিদ্বন্দ্বিতাটা ছিল চোখে পড়ার মতো। গোল করা বা দলের হয়ে শিরোপা জেতায় কেউ কারও থেকে পিছিয়ে ছিলেন না এতটুকুও। পাঁচবার করে জিতেছেন ফুটবলের সবচেয়ে লোভনীয় পুরস্কার ‘ব্যালন ডি’অর’।
২০১৮ সালে জুভেন্তাসে যোগ দেওয়ার আগে রিয়ালের হয়ে নয় বছর খেলেছেন রোনালদো। এই সময়ে বার্সেলোনা তারকা মেসির সঙ্গে তার লড়াইটা ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। সম্প্রতি মেসি জানান, ব্যক্তিগত সাফল্যের লড়াই করতে গিয়ে উভয়েরই উন্নতি হয়েছে।
মেসির সঙ্গে লড়াই নিয়ে এমনটা মনে করে রোনালদোও। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগাল অধিনায়ক বলেন, “অনেক মানুষ মনে করেন যে, আমরা একে-অপরকে আরও উন্নত করেছি। স্পেনে একসঙ্গে থাকায় আমরা আরও ভালো হয়েছি।”
“এটা সত্যি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আমি তার উপস্থিতিটা বেশি অনুভব করেছি। এটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমরা আমাদের ক্লাবের প্রতীক ছিলাম।”