স্তন ক্যানসারে প্রেমিকার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি চীনের এক যুবক। প্রেমিকার মৃতদেহকেই বিয়ে করেছেন তিনি। এমনকি সেটির সঙ্গে ছিলেন সাতদিনও।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, চীনের ডালিয়ান এলাকায় এই ঘটনা ঘটে। প্রেমিকা ইয়াং লিউয়ের মৃতদেহকে বিয়ে করে প্রেমের অন্য এক নজির গড়লেন ৩৫ বছর বয়সী শু শিনান।
শনিবার লিউয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন দুই পরিবারের সদস্যদের সামনে তার মৃতদেহকে বিয়ে করেন প্রেমিক শিনান।
শিনান বলেন, ‘বিয়ে করার প্রস্তুতি নিয়েছিলাম আমরা। তা নিয়ে খুব খুশি ছিল লিউ। ক্যানসার তার সেই আশা পূরণ করতে দিল না। কিন্তু আমাকে তো তার শেষ ইচ্ছার মর্যাদা দিতে হবে। বিয়ের পোশাক পরিয়ে তাকে তাই বিয়ে করলাম।’
জানা যায়, অল্প বয়স থেকে একসঙ্গে বেড়ে ওঠেন শিনান এবং লিউ। এক সঙ্গেই পড়াশোনা করেন দুজন। ২০০৭ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। ঠিক করেন প্রতিষ্ঠিত হয়ে ২০১৩ সালে বিয়ে করবেন তারা।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই বছরেই বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন এই যুগল। কিন্তু হঠাৎ লিউয়ের স্তন ক্যানসার ধরা পড়ে। শুরু হয় চিকিৎসা। কেমোথেরাপি এবং রেডিয়েশনের প্রভাবে অচল হয়ে পড়েন লিউ। একপর্যায়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। সুস্থ হতে শুরু করেন তিনি।
কিন্তু ২০১৭ সালে লিউয়ের শরীরে আবার ক্যানসার দেখা দেয়। এবার দুরারোগ্য এই রোগ থেকে ফিরতে পারলেন না তিনি। অক্টোবরের শুরুর দিকে কোমায় চলে যান তিনি। এক সপ্তাহ পর মৃত্যু হয় তার।