রাজধানীর রায়েরবাজারে মেয়ে বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আরিফুল ইসলাম সজল (১৯) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। নিহত সজল মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।
সজলের বড় ভাই মাকসুদুর রহমান শান্ত জানান, তারা চকবাজার ইসলামবাগ এলাকায় থাকেন। ২ ভাই ১ বোনের মধ্যে মেজো সজল। বাবার নাম শহিদুল ইসলাম।
নিহতের বান্ধবী সানজিদা আক্তার দোলন জানান, সন্ধ্যায় সজলের সঙ্গে রায়েরবাজার ব্রিজের ঢালে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন স্থানীয় কয়েকজন ছেলে আমাকে উদ্দেশ্য করে আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করে। তখন সজল এর প্রতিবাদ করে। পরে বখাটে ছেলেদের মধ্যে একজন সজলকে চড় মারে।
তিনি আরও বলেন, ওই ছেলেরা চলে গেলে স্বজল তার বন্ধু আরিফিনসহ কয়েকজনকে ফোন দিয়ে ওইখানে যেতে বলে। তারা যাওয়ার আগেই সজল ওই এলাকা থেকে ওই ছেলেদের একজনকে খুঁজে বের করে মারধর করে। এর কিছুক্ষণ পর ওই ছেলেরা ১০/১২জন এসে সবজলকে মারধর করতে থাকে। একপর্যায়ে তারা বাঁশ দিয়ে পিটিয়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা আমাকেও মারধর করে।
পরে স্থানীয়দের সহায়তায় সজলকে প্রথমে সিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হলে। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাম পায়ে, গালেসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।