প্যারোলের কথা বলে খালেদা জিয়াকে অসম্মান করবেন না: গয়েশ্বর

যারা আন্দোলন করতে পারবেন না, তাদেরকে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কিন্তু আপসহীন খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোলের কথা বলে তাকে অসম্মান করবেন না। আমরা দেখতে পারছি, খালেদা জিয়ার ব্যক্তিত্বকে নষ্ট করার জন্য প্যারোলে মুক্তির বিষয়ে একটা অংশ উঠেপড়ে লেগেছে।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, বিএনপিতে মীরজাফর নেই, তবে জাফর থাকতে পারে। যারা গোপনে গিয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, খালেদা জিয়াকে প্যারোলে যাওয়ার জন্য রাজি করাবেন। ধরা খেলে তাদের রক্ষা হবে না।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তির জন্য আমরা এখনো পর্যন্ত যৌক্তিক আন্দোলন করতে পারিনি। কেন পারিনি তা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের দলের ভেতরে আন্তরিকতার অভাব আছে কিনা তা খুঁজতে হবে ।

ঐক্যফ্রন্টের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা জাতীয় নির্বাচনের সময় দেখেছি ওই জোটের কাছে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রাধান্য পায়নি। তাদের কাছে প্রাধান্য পেয়েছে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি। কারণ তাদের কাছে নির্বাচনই ছিল বড়।