প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘটনায় জাতিসংঘের কাছে পাকিস্তানের বিরুদ্ধে নালিশ করেছে ভারত। জাতিসংঘের সংস্থা আইসিএতে ভারত এই নালিশ জানায় বলে জানিয়েছে আলজাজিরা।
ভারতের দাবি, বেসামরিক বিমান চলাচলবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এই নীতিমালা অনুযায়ী, কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ ভিভিআইপি ব্যক্তিদের বিশেষ বিমানের ড়্গেত্রে পরস্পরের আকাশসীমা ব্যবহারে কোনো বাধা নেই। তবে পাকিস্তান দফায় দফায় এ নিয়ম লঙ্ঘন করায় দেশটির বিরুদ্ধে আইসিএও’র শরণাপন্ন হয়েছে দিল্লি।
কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের ঘটনায় ভারতের জন্য নিজ দেশের আকাশপথ বন্ধ করে দেয় ইসলামাবাদ। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরের জন্য বিশেষ বিবেচনায় তাকে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানায় দিল্লি। তবে এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
সৌদি আরব থেকে তুরস্কে যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রীর। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় তুর্কি সফর বাতিল করেন মোদি।