১৮ দিনের শিশুকে চুবিয়ে হত্যা

সন্দেহ মা, নানা-নানিকেও

শ্রীপুরে ১৮ দিনের শিশু আবদুল্লাহ আল মাহাদীকে চুবিয়ে হত্যার রহস্য এখনো উদঘাটন হয়নি। পুলিশ বলছে, এ হত্যাকাণ্ড হয় তার বাবা; না হয় নানা-নানি ঘটিয়েছে। শিশুর মাকেও তারা সন্দেহ করছে। তবে শিগগিরই রহস্য উদঘাটিত হবে।

গত রবিবার ভোরে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে শিশু আবদুল্লাহকে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় তার বাবা বিজয় হাসানকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে বিজয়ের বিরুদ্ধে সোমবার তার শ্বশুর মোফাজ্জল হোসেন হত্যা মামলা করেছেন। তবে বিজয়ের বাবার দাবি, ভালো খাবারের আয়োজন করা হয়েছে বলে তার ছেলেকে ফোন করে ডেকে নেওয়া হয়েছিল। এরপর পরিকল্পিতভাবে আবদুল্লাহকে হত্যা করে তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দুপুরে বিজয়কে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তিনি বলেন, ওই বাড়ির প্রবেশদ্বারে সিসি ক্যামেরা ছিল। তা উদ্ধার করে ফুটেজ দেখা হচ্ছে। এছাড়া সোমবার রাত পর্যন্ত শিশুর মা ও নানা-নানিকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। পরে তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মস্পর্শী। হত্যাকাণ্ডটি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। শিগগিরই এর রহস্য উদঘাটিত হবে।’