গাজীপুরে দেড় হাজার অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার কুনিয়া এলাকায় ৬টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ও এক ইঞ্চি ব্যাসের চার কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থল বিছিন্ন, ৩০০ মিটার পাইপলাইন অপসারণ করে ১১০০ বাড়ির প্রায় ১৫০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, দীর্ঘদিন ধরে নগরীর কুনিয়া এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে প্রায় দেড় হাজার চুলায় গ্যাস জ্বালানো হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে তিতাস গ্যাসের প্রকৌশলী মো. শবিউল আওয়াল, প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আবু সুফিয়ান, মো. আবদুল আলীম রাসেল উপস্থিত ছিলেন।