রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পাদিত চুক্তি মোতাবেক উত্তর সিরিয়ার তুর্কি সীমান্ত থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)।
ওই চুক্তি অনুযায়ী মঙ্গলবারের মধ্যে তুর্কি সীমান্ত থেকে উত্তর সিরিয়ার ৩২ কিলোমিটার ভেতরে সরে যাওয়ার কথা কুর্দি যোদ্ধাদের।
মঙ্গলবার তুরস্কের রিপাবলিক ডে’র এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, উত্তর সিরিয়া থেকে ‘সন্ত্রাসীরা’ নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে রাশিয়া জানিয়েছে।
কুর্দি যোদ্ধাদের প্রত্যাহারে অভিযান বন্ধের সময়সীমা নিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২০ ঘণ্টার এবং রাশিয়ার সঙ্গে ১৫০ ঘণ্টার যে চুক্তি আমরা করেছি, সেটা শেষ হয়েছে। আমরা আগামীকাল এনিয়ে কথা বলবো।’
এরদোয়ান বলেন, তুরস্ক ছাড়া অন্য যারা সিরিয়ার ব্যাপারে আগ্রহী তাদের সবার প্রথম উদ্দেশ্য হলো দেশটির তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ।
যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা যে কেউ বুঝবে যে, রক্তের ফোঁটার চেয়ে তেলের ফোঁটাকে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি নগ্নভাবে প্রকাশিত হয়েছে।’
প্রসঙ্গত, উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের মুখে কুর্দিদের ‘ত্যাগ করে’ সেনা সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সিদ্ধান্ত পরিবর্তন করে সেখানকার তেলক্ষেত্র ‘পাহারায়’ ফের সেনা মোতায়েন করে দেশটি।
সিরীয় শরণার্থীদের প্রত্যাবাসনে ‘সেফ জোন’ প্রতিষ্ঠা এবং সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে দিতে গত ৯ অক্টোবর উত্তর সিরিয়ায় অভিযান শুরু করে তুরস্ক। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত ৫০ লাখ সিরীয়র মধ্যে ৩৬ লাখই তুরস্কে আশ্রয় নিয়েছেন।
এর পর গত ২২ অক্টোবর সোচিতে রাশিয়া ও তুরস্ক সই হওয়া চুক্তি অনুযায়ী পাঁচ দিনের জন্য অভিযান বন্ধ করে তুর্কি বাহিনী। আর এ সময়ের মধ্যে তুরস্কের সিরীয় সীমান্ত থেকে ৩২ কিলোমিটার দূরে সরে যাবে এসডিএফ নেতৃত্বাধীন পিকেকে এবং ওয়াইপিজি যোদ্ধারা। সীমান্তে টহল দেবে রুশ ও তুর্কি বাহিনী।