গায়ের রং কালো বলে স্বামীর খোঁটা, কুয়ায় ঝাঁপ তরুণীর

গায়ের রং কালো বলে স্বামীর খোঁটায় কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ভারতের এক তরুণী। দেশটির রাজস্থানের ঝালাওয়ারের বংশখয়রা গ্রামে এই ঘটনা ঘটে।

আউটলুক ইন্ডিয়া জানায়, চলতি বছরের এপ্রিল মাসে দীনেশ লোঢার সঙ্গে বিয়ে হয় ২১ বছর বয়সী মঙ্গীবাঈয়ের। কিন্তু বিয়ের রং ফর্সা না হওয়ায় দিনের পর দিন মঙ্গীবাঈকে খোঁট দিয়ে আসছিলেন দীনেশ।

একপর্যায়ে অপমান সহ্য করতে না আত্মাহুতি দেন মঙ্গীবাঈ।

স্থানীয় থানার কর্মকর্তা বলবীর সিংহ জানান, সোমবার কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই তরুণী।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মঙ্গীবাঈয়ের বাবা দেবলাল জানান, গায়ের রং ফর্সা না হওয়ায় তাকে খোঁটা দিত দীনেশ। শ্বশুরবাড়ির লোকজনের কাছেও এ নিয়ে কথা শুনতে হতো তাকে। এতে অতিষ্ঠ হয়ে কুয়ায় ঝাঁপ দেয় সে।

এদিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় তরুণীর স্বামী দীনেশ লোঢার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঝালাওয়ার পুলিশের ডেপুটি সুপারের নেতৃত্বে একটি টিম এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।