আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১. ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
২. ৭ নভেম্বর সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৩. দিবসটি উপলক্ষে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
৪. এছাড়া দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
৫. ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার, ক্রোড়পত্র ও লিফলেট প্রকাশ করা হবে।
৬. অনুরূপভাবে দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালিত হবে।.