ঐশ্বরিয়ার ম্যানেজারের গায়ে আগুন, এগিয়ে এলেন শাহরুখ

সিনেমার মতো বাস্তবেও সাহসিকতার পরিচয় দিলেন শাহরুখ খান। আগুন থেকে রক্ষা করলেন ‘দেবদাস’ ও ‘মোহাব্বতে’ ছবির নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দকে।

জি নিউজ জানায়, বচ্চনদের দীপাবলি পার্টিতে আগুন লাগার ঘটনায় শুধু অর্চনাই নন, হাতের বেশ কিছুটা অংশ পুড়ে যায় শাহরুখেরও।

তখন প্রায় ভোর তিনটা। অতিথিরা পার্টি ছেড়ে যাচ্ছিলেন। তাদের তদারকি মাঝেই আচমকাই অর্চনার লেহেঙ্গায় আগুন ধরে যায়। পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়, সেই কারণে মাঠে নামেন শাহরুখ। নিজের জ্যাকেট খুলে পরিয়ে দেন অর্চনাকে।

শাহরুখের বদৌলতে বড় বিপদ থেকে রক্ষা পান ঐশ্বরিয়ার ম্যানেজার। অর্চনার ডান হাত ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে মুম্বাইয়ের নানবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এখনো চিকিৎসা চলছে। তবে খানিকটা আহত হলেও শাহরুখকে হাসপাতালে ভর্তি করতে হয়নি।

নানাবতী হাসপাতালে অর্চনাকে ভর্তি করার পর স্ত্রী গৌরী খানের সঙ্গে বাড়িতে ফিরে যান নায়ক। তবে নিয়মিত অর্চনার খোঁজ নিচ্ছেন।

এদিকে বছরখানেক আগে মুক্তি পাওয়া ‘জিরো’র ভরাডুবির পর নতুন কোনো সিনেমায় যুক্ত হননি শাহরুখ। তবে সিনেমা ও ওয়েব সিরিজ প্রযোজনায় পাওয়া গেছে তাকে। শোনা যাচ্ছে, ২ নভেম্বর জন্মদিনের নতুন ছবির ঘোষণা দেবেন এই নায়ক। সেই অপেক্ষায় আছেন ভক্তরা।