প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় গিয়াস কাদেরের ৩ বছর কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত বুধবার সকালে এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১৮ সালের ২৯ মে ফটিকছড়িতে এক আলোচনায় গিয়াস কাদের হুমকি দেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।”

এ বক্তব্যের জেরে ওই বছরের ৩১ মে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পিপি সমীর দাসগুপ্ত দেশ রূপান্তরকে জানান, ২০১৮ সালের ৩১ মে আদালত মামলাটি সরাসরি গ্রহণ করেন এবং চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মোট ছয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার রায় দেন।

আরও জানান, বিচারক তিন বছর কারাদণ্ডের পাশাপাশি গিয়াস কাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও তিন মাসের সাজা দিয়েছেন। বর্তমানে তিনি এ মামলায় জামিন নিয়ে পলাতক রয়েছেন।

গিয়াস কাদের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।