‘হাইকোর্টের রায়-মায় সব কেনা যায়’: ফাঁস হওয়া ফোনালাপে ইবি ছাত্রলীগ নেতা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের অবমাননার একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

মঙ্গলবার ফেসবুকে ২ মিনিট ১৭ সেকেন্ডের অডিওটি ভাইরাল হয়। এটি ভাইরাল হওয়ার পরপরই মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

ফাঁস হওয়া ফোনালাপে আদালত অবমাননাকর বক্তব্য দেওয়ায় বুধবার বেলা সাড়ে ১২টায় মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ছাত্রলীগ সাধারণ সম্পাদকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

জানা যায়, ফোনালাপে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব এক ব্যক্তির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে কথা বলেন।

এতে অজ্ঞাত ওই ব্যক্তি বলেন, ‘ফিন্যান্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে আবেদন করেছে। আইন বিভাগে একটা সার্কুলার হয়ে রয়েছে। আর গণিত বিভাগের সাইফুলের স্ত্রীর ব্যাপারটা কনফার্ম করতে হবে’।

এর পর রাকিব বলেন, ‘সে ব্যাপারটা হবে। কিন্তু অনেক টাকা লাগবে। হাইকোর্টে একটা রিট করতে হবে। করে রায় কিনে আনতে হবে। হাইকোর্টের এমন এমন জায়গায় এমন এমন লাইন। আপনি যেভাবে চাবেন সেভাবে রায় দেবে। শুধু টাকা লাগবে। এই পথ আমি অনেক আগে থেকে হাঁটছি তো। রায়-মায় সব কেনা যায়। সব রায় কেনা যাবে।’

এ অডিও ভাইরাল হওয়ার পর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন শিশির ইসলাম বাবু, মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দিকী আরাফাত।

মিছিলটি জিয়া হল মোড় থেকে শুরু হয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা বলেন, ‘হাইকোর্টের রায় কেনা যায় বলে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে রাকিব। এই কথায় হাইকোর্ট অবমাননা করেছ সে। এ ঘটনায় রাকিবকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানায় তারা।’

এ বিষয়ে  রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, ‘এটি অনেক পুরোনো একটি অডিও। তারা নতুন ইস্যু সৃষ্টির চেষ্টা করছে।’