স্কুলছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাং

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুভ (১৫) নামে এক স্কুলছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাং সদস্যরা।

বুধবার সকাল ১০টায় স্কুলে যাওয়ার পথে আদমজী সোনামিয়া বাজার বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন স্টিল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শুভ আদমজী পুরান থানা এলাকার আলাউদ্দিনের ছেলে। সে সোনামিয়া বাজারের সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শুভর বাবা আলাউদ্দিন জানান, তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জের ধরে কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত সিফাত, রিফাত, কাশেম, ইলিয়াছ ও তাহসিন স্কুলব্যাগে করে দেশীয় অস্ত্র নিয়ে এসে শুভর ওপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে শুভর বুকে ও পিঠে কুপিয়ে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তখন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ৫১টি সেলাই করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।