ভারত সফরে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলতে নামবে আগামী রবিবার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা মাঠ) অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে দিল্লির বায়ু দূষণের কারণে এই ম্যাচের আগে নানা শঙ্কা দেখা দিয়েছে।
এমনিতেই দিল্লির বায়ু দূষণ সাম্প্রতিক সময়ে চরম মাত্রায় পৌঁছেছে। এর মধ্যে দীপাবলি পরবর্তী সময়ে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে। যে কারণে এবার বিসিসিআইয়ের নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছে চিঠি দিলেন পরিবেশবিদরা।
চিঠির মাধ্যমে পরিবেশবিদরা বোর্ড সভাপতির কাছে দিল্লি থেকে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন করেছেন।
দিল্লির পরিবেশবিদদের অনেকেরই মত, দিল্লির দূষিত বাতাস খেলোয়াড় ও হাজার হাজার দর্শকদের মাঠে বসে খেলা দেখার জন্য অস্বাস্থ্যকর। সৌরভকে পাঠানো চিঠিতে পরিবেশবিদরা লেখেন, দিল্লির দূষণ এখন মাত্রা ছাড়িয়েছে।
পরিবেশবিদদের দাবি এই আবহাওয়ায় তিন-চার ঘণ্টা খেলা চললে, খেলোয়াড় ও গ্যালারির দর্শকদের শরীরের ওপর প্রভাব পড়তে বাধ্য।
এর আগে দিল্লির দূষণের মধ্যে ২০১৭ সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে অস্বস্তিকর ঘটনা ঘটে। শ্রীলঙ্কার দুজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন মাঠে। খেলাও বন্ধ হয়েছে কয়েক দফা।
এবার আগে থেকেই সচেতন থাকতে, ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন পরিবেশবিদদের।