ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ক্যানসার স্ক্রিনিং শুরু হয়েছে। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এর উদ্বোধন করেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর মাজার রোডের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিএনসিসি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে বিনা মূল্যে ৪’শ পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেয়র বলেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন আমাদের শহর পরিষ্কার রাখেন। তাদের স্বাস্থ্য ভালো থাকলে কাজেও মন থাকবে। তাদের জীবনযাত্রার মান উন্নয়নকল্পে ইনস্যুরেন্স, চিকিৎসাসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে।
তিনি বলেন, আমি মেয়র হিসাবে শপথ গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করার জন্য আমাকে নির্দেশ দেন। সে অনুযায়ী গত মাসেই আমরা ৭’শ ৮৪ জন পরিচ্ছন্নতা কর্মীর জন্য গাবতলীতে অ্যাপার্টমেন্ট ও স্কুল ভবন তৈরির কাজ শুরু করে দিয়েছি। আশা করি পরিচ্ছন্নতা কর্মীরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. মঞ্জুর হোসেন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান, অনকোলোজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।