সহসাই দশম গ্রেড পাচ্ছেন না প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডেই থাকতে হচ্ছে, আপাতত দশম গ্রেড পাচ্ছেন না। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ উচ্চপর্যায়ের পদগুলো আপগ্রেড হলে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হবে। সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে সৃষ্ট সমস্যার প্রসঙ্গ তোলেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। প্রধানমন্ত্রী দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

জবাবে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সচিব বলেন, ‘আপাতত প্রধান শিক্ষকদের ১১তম আর সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড দেওয়া হবে। আমরা নতুন নিয়োগ বিধির সুপারিশ করেছি। ওই নিয়োগ বিধি বাস্তবায়ন হলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের পদটি নবম গ্রেডে উন্নীত হবে। সেটা হলেই আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্কেল আপগ্রেড করে ১০ গ্রেড করতে পারব।’

কমিটির সদস্য আলী আজম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি সরকারের উচ্চপর্যায়ের বিবেচনাধীন আছে। শিগগিরই এর একটা সুরাহা হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বিধি ১৯৮৫’ সংশোধনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন বিধিমালায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নবম গ্রেড দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ পদে সরাসরি নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে পদায়নের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত বিধিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পদ সপ্তম গ্রেড করা হয়েছে। পদটি পুরোপুরি পদোন্নতির মাধ্যমে নিয়োগের কথাও বলা হয়েছে। বিধিতে পর্যায়ক্রমে অন্যান্য পদও আপগ্রেড করার সুপারিশ করা হয়েছে। এই বিধিমালায় প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।