ফেইসবুকে জানালেন তামিম ইকবাল

খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন

বাংলাদেশ প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গতকাল ভারতে গেছে বাংলাদেশ। আগে থেকেই জানা ছিল পারিবারিক কারণে ভারত সফরে যাচ্ছেন না তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার তার নিজের ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে ব্যাখ্যা দিয়েছেন না যাওয়ার কারণ। তামিম জানিয়েছেন পারিবারিক কারণে ভারত সফরে যেতে না পেরে তিনি নিজেও হতাশ।

তামিম তার পোস্টের শুরুতেই লেখেন, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ। বাংলাদেশ প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রথম ম্যাচ এই সফরে। এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে আলাদা করে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলন করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। কিন্তু তার পরও সফরে যেতে পারছি না, কারণ কখনো কখনো পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’

তামিমের ভারত সফরে না যাওয়ার পেছনে যে পারিবারিক কারণটি তা হলো দ্বিতীয় সন্তানের বাবা হবেন তিনি। তামিম আরও লেখেন, ‘আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়টায় ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি। তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যরা অনেক ত্যাগ স্বীকার করেন। অন্য অনেক সময় না পারলেও জীবনের এই সময়গুলোতে অন্তত পরিবার আমাকে পাশে চাইতেই পারে।’

দলের সঙ্গে যেতে না পারলেও দলকে এবং ক্রিকেট মাঠকে মিস করবেন বলে জানিয়েছেন তামিম। তিনি আরও লেখেন, ‘আমি আমার দলকে মিস করব, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’