কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু কাল

‘বাংলাদেশের বই নিয়ে আগ্রহ বাড়ছে কলকাতার পাঠকদের’

বাংলাদেশের ৮২টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে আগামীকাল শুক্রবার থেকে কলকাতার মোহরকুঞ্জে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ‘বাংলাদেশ বইমেলা’। এদিন বিকেল ৪টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে নবমবারের মতো অনুষ্ঠিতব্য এ মেলার। যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার বাংলাদেশ বইমেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মানিত অতিথি থাকবেন কলকাতা পুরসভার মহানাগরিক ও পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোজাম্মেল আলী, কবি শঙ্খ ঘোষ, লেখক-গবেষক শামসুজ্জামান খান প্রমুখ।