জাপানে ৫০০ বছরের পুরোনো রাজকীয় প্রাসাদ আবারও পুড়ল

ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য জাপানের সুরি প্রাসাদের মূল কাঠামো আগুনে ধ্বংস হয়ে গেছে। দেশটির দক্ষিণ অঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার এই স্থাপনাটিতে বুধবার দিবাগত রাতে আগুনের সূত্রপাত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।

৫০০ বছর আগে রিউকু রাজবংশের আমলে এই কাঠের প্রাসাদটি তৈরি করা হয়। ১৯৩৩ সালে একে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাসাদটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরে সংস্কার করে বর্তমান আকারে আনা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সুরি প্রাসাদের মূল ভবন ও উত্তর-দক্ষিণের কাঠামো আগুনে পুড়ে গেছে।

ওকিনাওয়া পুলিশের মুখপাত্র জানান, আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে নিরাপত্তার দায়িত্ব থেকে সংস্থার অ্যালার্ম রাত আড়াইটা নাগাদ বাজতে শুরু করে। এর পর দ্রুতই ঘটনাস্থলে আসে অগ্নি নির্বাপণ কর্মীরা।

নাহা শহরের একটি পাহাড়ের ওপর অবস্থিত সুরি প্রাসাদ। যার চারপাশে রয়েছে পাথুরে দেয়াল। এটি ১৯৭০ এর দশক পর্যন্ত ওকিনাওয়ার সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ব্যবহৃত হয়েছে। তখন থেকেই এটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

নাহার মেয়র মিকিকো শিরোমা জানান, অগ্নিনির্বাপণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে তারা যথাসাধ্য কাজ করছেন। আগুনের কারণে আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন খবরে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সুরি প্রাসাদ ওকিনাওয়ায় কাঠের তৈরি সবচেয়ে বড় ভবন ছিল। এখানে ২০২০ সালের টোকিও অলিম্পিকের মশাল আসার কথা রয়েছে।