প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহে খালেদা জিয়ার অসুস্থতা ও তার চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ও চিকিৎসকরা ডাহা মিথ্যাচারের খেলায় মেতে উঠেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার প্রস্তুতি নিতে নিতে ২ টা আড়াইটা বেজে যায়, অনেক সময় চিকিৎসকদের ৪ টা পর্যন্ত অপেক্ষা করতে হয় বলে বিএসএমএমইউ এর পরিচালকের এই বক্তব্যকে সত্যের অপলাপ উল্লেখ করে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে একটি চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক সরকারের পঙ্কিল রাজনৈতিক আবর্তের মধ্যে ঢুকে পড়বেন- এটি কেউ প্রত্যাশা করেনি।
রিজভী বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, খালেদা জিয়া প্রতিদিন সকালের দিকেই রেডি হয়ে যান ইনসুলিন নিতে, চিকিৎসা নিতে। তিনি চিকিৎসকদের অপেক্ষায় বসে থাকেন, কিন্তু চিকিৎসকরা দুপুর ১২টা থেকে ১টার আগে তার কেবিনে আসেন না। আমি পরিচালক সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বলছি- বিকেল ৪টা পর্যন্ত কবে কোন কোন ডাক্তার দেশনেত্রীর চিকিৎসার জন্য অপেক্ষা করেছেন, তাদের নাম জনগণকে বলুন।
দেশনেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের বক্তব্য ‘তোতা পাখির বুলির মতো’ মন্তব্য করে রিজভী বলেন, জেলখানায় সঠিক চিকিৎসা না পাওয়ায় এবং স্বাভাবিক পরিবেশ না থাকায় বেগম জিয়ার এসব রোগ সংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে। এক দুর্বিষহ অসুস্থর মধ্যে দেশনেত্রী দিনযাপন করছেন। তার কোনো চিকিৎসাই হচ্ছে না। পরিচালক প্রেস কনফারেন্স করে প্রমাণ করলেন যে, বেগম জিয়া অসুস্থ। পরিচালকের বক্তব্যে মনে হয়েছে, সেখানে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে সাজানো মিথ্যা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে দাবি করে রিজভী বলেন, এটা একটা নজিরবিহীন ঘটনা। বিচারকের এই রায় পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিচারক সাজা দেয়ার জন্য অধিক উৎসাহিত হয়ে দ্রুত বিচারকার্য শেষ করেছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণেই তাকে সাজা দেয়া হয়েছে।
পেঁয়াজের দাম বৃদ্ধিতে সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, ‘বেড়েই চলছে পেঁয়াজের দাম। বাজারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম সব রেকর্ড ভেঙেছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকা ছুঁই ছুঁই অবস্থা। এক বছরে পণ্যটির দাম বেড়েছে ২০০ শতাংশ। পেঁয়াজের দাম এখন ‘শক অব দি কান্ট্রি’। সরকারের সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।